উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনভর নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক সদর থানা ছাত্রদলের সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশ সদস্যকে থাপ্পড় মারার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।
মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে একটি তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে শহরের ভায়না এলাকায় মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন থাপ্পড় মারেন। এই ঘটনায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে পুলিশের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, ইতিপূর্বে নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে পিটিআই পাড়ায় একটি মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মব সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।
আটক নয়নের বড় ভাই যুবদল নেতা আব্বাস উদ্দিন দাবি করেছেন, পুলিশের সাথে ভুল বোঝাবুঝির পর বিএনপি নেতাদের মাধ্যমে শুক্রবার রাতে থানায় মীমাংসা হয়েছিল। কিন্তু শনিবার দুপুরে পুলিশ তাকে পুনরায় থানায় ডেকে নিয়ে দিনভর বসিয়ে রেখে সন্ধ্যায় মামলা দিয়ে আটক দেখিয়েছে এবং নয়ন হার্টের রোগী হওয়ায় তিনি মানবিক কারণে তার মুক্তি দাবি করেছেন।