উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে রাজধানী ঢাকায় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে বাংলামোটর এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়।
পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী পদযাত্রাটি সংসদ ভবনের দিকে অগ্রসর হয় এবং সেখানে স্পিকারের কাছে একটি স্মারকলিপি পেশ করার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে থাকা সুপারিশগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইনে রূপান্তর এবং গুমের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হবে এই স্মারকলিপিতে।
পদযাত্রা কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও এই মিছিলে উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।