উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কানাডায় নির্মিত হতে যাওয়া নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’-এ এবার যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। এই চলচ্চিত্রে তার সঙ্গে জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান, যা পরিচালনা করছেন অভিনেতা কামাল হোসেন বাবর।
বৃহস্পতিবার কানাডার টরন্টোতে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। নতুন এই চলচ্চিত্রে কাজের বিষয়ে শিরিন শিলা বলেন, আজ আমি নতুন একটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হলাম এবং এর শুভ মহরত হলো। সম্পূর্ণ চলচ্চিত্রটির শুটিং হবে কানাডায়, তাই সবাই আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, টিভি নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও এক যুগ আগে বড় পর্দায় অভিষেক ঘটে শিরিন শিলার। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম সিনেমা ‘হিটম্যান’-এ শাকিব খান, অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন তিনি।
এছাড়াও তার ক্যারিয়ারে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘শেষ বাজি’, ‘বেগম জান’, ‘এক কোটি টাকা’ ও ‘ঘর ভাঙা সংসার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে। পাশাপাশি তার অভিনীত আরও বেশ কয়েকটি চলচ্চিত্র বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।