উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে এবং এটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি জানান, ক্ষমতায় এসে দেখা গেছে ১৭ বছরের বিদ্যুৎ উৎপাদনে শুভঙ্করের ফাঁকি রয়েছে এবং গ্যাস উত্তোলনের একটি কূপও খনন করা হয়নি। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও গ্যাসের কোনো স্থায়ী সমাধান করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।
গতকাল সকাল ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে অপরাধ নির্মূল ও দ্রুত অপরাধী শনাক্ত করতে ভৈরব বাজার শহর ফাঁড়ি থানা চত্বরে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ভৈরব বাজার ও অপরাধপ্রবণ এলাকা সিসি ক্যামেরার আওতায় এসেছে এবং শহরে ইতিমধ্যে উন্নতমানের ৫০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরব শহরে ৩০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং সবাই সচেতন হলে অপরাধ নির্মূল করা সম্ভব।
মাদক ও ছিনতাই নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দলের কেউ অপরাধ করলে উপযুক্ত প্রমাণসহ তাকে আইনের আওতায় আনুন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো অপরাধের প্রতিবাদ করুন এবং এতে কারও সমস্যা হলে আমরা সহযোগিতা করব, প্রত্যেককে বিবেকবান ও সচেতন হতে হবে।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মুহাম্মদ জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান শেলী ভার্চ্যুয়ালি ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।