উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী ৫ সেপ্টেম্বর কেন্দ্র ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রোববার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড থানায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লং মার্চকে ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আযাদ। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির আবু তাহের, সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, সাবেক আমির ও পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা তৌহিদুল হক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আ. ন. ম. জুবায়ের, মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহীদুল ইসলাম এবং ব্যবসায়ী ও জামায়াত নেতা লিয়াকত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।
মতবিনিময়কালে লং মার্চ চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।