উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রোববার জাতীয় সংসদে এ অভিযোগ তুলে তিনি দুর্নীতির সঙ্গে জড়িত তহশিলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুয়া দলিলের মাধ্যমে সরকারি খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা প্রকাশের দাবি জানান।
সুলতানা আহমেদ বলেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা চালু হলেও মাঠপর্যায়ে এর সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। ই-নামজারি ও অনলাইনে খাজনা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ার পরও বিভিন্ন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও ঘুষের অভিযোগ রয়েছে।
তিনি জানতে চান, এসব দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তহশিলদারদের বিরুদ্ধে কবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ভুয়া দলিলের মাধ্যমে খাসজমি ও সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা কবে প্রকাশ করা হবে।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মাঠপর্যায়ে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, এসব কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ নিয়মিতভাবে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভূমি সেবায় অভিযোগ জানানোর ব্যবস্থার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সম্প্রতি ভূমি মন্ত্রণালয় সারা দেশ থেকে ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ অনলাইনে দাখিলের জন্য ‘ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম’ চালু করেছে।
এই ব্যবস্থায় পাওয়া অভিযোগ নিয়মিত নিষ্পত্তি করা হচ্ছে এবং অভিযোগকারীকে এসএমএসের মাধ্যমে ফিডব্যাক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সরকারি খাসজমি অবৈধভাবে দখলের বিষয়েও সংসদে বক্তব্য দেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করা একটি চলমান প্রক্রিয়া। দেশের যেকোনো স্থানে খাসজমি অবৈধভাবে দখলের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
তবে সংখ্যালঘুদের জমি দখলের সঙ্গে জড়িত প্রভাবশালীদের তালিকা প্রকাশের বিষয়ে সংসদে নির্দিষ্ট সময়সীমার কথা জানানো হয়নি।
সংসদ-সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার বিতরণ করা হচ্ছে।
কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী।
তাঁর বক্তব্য অনুযায়ী, সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি অব্যাহত রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি এবং তাপজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
রোববার জাতীয় সংসদে সংসদ-সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু ঝুঁকির দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৩তম অবস্থানে রয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘমেয়াদি অভিযোজন কৌশল নির্ধারণের জন্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামোর আওতায় বাংলাদেশ ‘ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান’ প্রণয়ন করেছে।
এ ছাড়া গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে বাংলাদেশ ‘থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস’ প্রণয়ন করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে (ইউএনএফসিসিসি) দাখিল করেছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজনের পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগও অব্যাহত রাখার কথা জানান পরিবেশমন্ত্রী।