উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রবিবার দিবাগত রাতে তিনি এই দীর্ঘ সফরের উদ্দেশ্যে রওনা হন এবং আগামী ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে খলিলুর রহমান এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন। এর আগে ৪০ বছর অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
এদিকে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে অবস্থানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন। রুলস অফ বিজনেস, ১৯৯৬ অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীদ্বয়ের নিকট অর্পিত দায়িত্বাবলীর বাইরেও তিনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।