উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শুক্রবার ওপেনএআই এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানায়। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে কার্সরকে ওপেনএআইয়ের এআই মডেল সরবরাহ বন্ধ হতে পারে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের দীর্ঘদিনের বিরোধে নতুন মাত্রা যোগ হলো।
ওপেনএআই জানিয়েছে, বড় কোনো অংশীদারের সঙ্গে কাজ করার ক্ষেত্রে প্রযুক্তির নিরাপদ ও নির্ধারিত ব্যবহার নিশ্চিত করতে সাধারণত বিশেষ চুক্তির প্রয়োজন হয়। বিশেষ করে বড় পরিসরে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও সেবার শর্ত মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা তাদের জন্য গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ইলন মাস্কের বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি ভঙ্গের অভিজ্ঞতার কারণে স্পেসএক্স কার্সরের মাধ্যমে ওপেনএআইয়ের প্রযুক্তি তাদের ব্যবহারের শর্ত মেনে ব্যবহার করবে কি না, সে বিষয়ে তারা আস্থা রাখতে পারছে না।
ওপেনএআই আরও জানিয়েছে, কার্সরের সঙ্গে তাদের চুক্তিতে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তি বাতিলের সুযোগ রয়েছে। সেই ধারার ভিত্তিতেই ১২ নভেম্বরকে সম্ভাব্য সেবা বন্ধের তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছে।
ওপেনএআইয়ের ঘোষণার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান ইলন মাস্ক।
ওপেনএআইয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি লেখেন, বিষয়টি নিয়ে তিনি ‘কোনো পরোয়া করেন না’। একই সঙ্গে স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানকে ‘বিশ্বাসযোগ্য নন’ বলে মন্তব্য করেন মাস্ক।
মাস্ক আবারও অভিযোগ করেন, অল্টম্যান ও ওপেনএআই প্রতিষ্ঠানটির মূল অলাভজনক লক্ষ্য থেকে সরে গিয়ে একটি ‘ওপেন সোর্স অলাভজনক প্রতিষ্ঠান’ দখল করে নিয়েছেন।
তবে কার্সরের সহপ্রতিষ্ঠাতা ও বর্তমানে স্পেসএক্সের নির্বাহী মাইকেল ট্রুয়েল জানান, বিষয়টি সমাধানে কার্সর ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করছে।
ওপেনএআইয়ের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কার্সরের জন্য বিকল্প এআই সরবরাহের ইঙ্গিত দিয়েছে অ্যানথ্রপিক।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা টম ব্রাউন জানান, কার্সরে ক্লড (Claude) মডেল চালাতে প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে অ্যানথ্রপিক।
অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সের ইতোমধ্যে একটি অংশীদারত্ব রয়েছে। ফলে ওপেনএআইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার পর কার্সরের এআই অবকাঠামোতে অ্যানথ্রপিকের ভূমিকা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কার্সর পরিচালনাকারী স্টার্টআপ অ্যানিস্ফিয়ারকে (Anysphere) ৬০ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণের চুক্তি করে স্পেসএক্স। গত জুনে এ চুক্তির ঘোষণা দেওয়া হয়। অল-স্টক চুক্তিটির মাধ্যমে অ্যানিস্ফিয়ার স্পেসএক্সের মালিকানায় আসে এবং চলতি মাসের শুরুতে অধিগ্রহণ প্রক্রিয়াও সম্পন্ন হয়।
কার্সর মূলত সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি একটি এআইভিত্তিক কোডিং টুল। কোড লেখা, সম্পাদনা, ত্রুটি শনাক্তকরণ এবং সফটওয়্যার তৈরির বিভিন্ন ধাপে এআইয়ের সহায়তা দেওয়ার কারণে দ্রুত জনপ্রিয় হয়েছে প্ল্যাটফর্মটি।
স্পেসএক্সের মালিকানায় যাওয়ার পর কার্সরের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক এখন নতুন করে আলোচনায় এসেছে।
ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের বিরোধ অবশ্য নতুন নয়। ওপেনএআইয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দুজনের মধ্যে মতবিরোধের সূত্রপাত। পরে এই বিরোধ প্রকাশ্য আইনি লড়াইয়ে রূপ নেয়।
মাস্ক অভিযোগ করেন, ওপেনএআই তার প্রতিষ্ঠাকালীন অলাভজনক উদ্দেশ্য থেকে সরে গিয়ে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। তাঁর দাবি, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল মানবকল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি সেই অবস্থান থেকে সরে যায়।
এ অভিযোগকে কেন্দ্র করে মাস্ক ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের মামলা করেন। চলতি বছরের ওই মামলার বিচারপর্বে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে।
মাস্কের পক্ষের আইনজীবীরা আদালতে অল্টম্যানকে মিথ্যাবাদী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেন। অন্যদিকে ওপেনএআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাস্ক মূলত প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন।
পরবর্তীতে আদালতের রায়ে মাস্কের মামলা খারিজ হয়। আদালত মনে করেন, মামলা করার ক্ষেত্রে মাস্কের পক্ষ থেকে দেরি হয়েছিল।
কার্সরকে ওপেনএআইয়ের মডেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত কেবল দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরোধ হিসেবেই দেখা হচ্ছে না। এর মাধ্যমে দ্রুত বিকাশমান এআই কোডিং বাজারে প্রতিযোগিতার নতুন সমীকরণ তৈরি হতে পারে।
কার্সরের মতো এআইভিত্তিক কোডিং প্ল্যাটফর্মগুলো একই সঙ্গে একাধিক এআই মডেলের ওপর নির্ভর করে। ফলে একটি মডেলের সরবরাহ বন্ধ হলেও অন্য প্রতিষ্ঠানের মডেল দিয়ে সেবা চালিয়ে যাওয়ার সুযোগ থাকে।
এ ক্ষেত্রে অ্যানথ্রপিকের সঙ্গে স্পেসএক্সের বিদ্যমান অংশীদারত্ব কার্সরের জন্য একটি সম্ভাব্য বিকল্প তৈরি করেছে।
তবে ওপেনএআইয়ের সিদ্ধান্ত কার্যকর হলে কার্সরের ব্যবহারকারীদের ওপর এর বাস্তব প্রভাব কী হবে, তা নির্ভর করবে প্ল্যাটফর্মটি কত দ্রুত বিকল্প এআই মডেল ও কম্পিউটিং সক্ষমতা বাড়াতে পারে তার ওপর।
সব মিলিয়ে কার্সরকে ঘিরে ওপেনএআই, স্পেসএক্স ও অ্যানথ্রপিকের এই নতুন সমীকরণ এআই শিল্পে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক নির্ভরতা, চুক্তির শর্ত এবং মালিকানা পরিবর্তনের পর প্রযুক্তি সরবরাহকারীদের অধিকার—এসব প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।