উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়া অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই শস্যবিন্যাস নিশ্চিতকরণের লক্ষ্যে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) বিনা উপকেন্দ্র, ঈশ্বরদী, পাবনার আয়োজনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া ও রাজশাহী অঞ্চলের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবদুল ওয়াদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ফেরদৌস ইকবাল এটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য এবং বগুড়ার মাটি উপযোগী বিনা’র প্রযুক্তি মাঠপর্যায়ে দ্রুত সম্প্রসারণ করতে হবে। কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার।
বিশেষ অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোকতার হোসেন, বিনা ময়মনসিংহের পরিচালক ড. মো. লুৎফর রহমান মোল্যাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত সফল চাষি, সারের ডিলার, কৃষি কর্মকর্তা ও প্রতিনিধিরা এতে অংশ নেন। মুক্ত আলোচনায় কৃষকেরা স্বল্পমেয়াদি ধান চাষের অভিজ্ঞতা তুলে ধরে বীজ প্রাপ্তি সহজ করার দাবি জানান এবং কর্মকর্তারা প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।