উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। সোমবার ৩১ আগস্ট বিকেলে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি জাদুঘরে পৌঁছালে তাদের স্বাগত জানান এর মহাপরিচালক। এরপর তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং প্রদর্শনী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ঘটনাপ্রবাহ নিয়ে সংরক্ষিত আলোকচিত্র, দলিল-দস্তাবেজ, স্মৃতিচিহ্ন ও ঐতিহাসিক নিদর্শনগুলো গভীর মনোযোগের সঙ্গে দেখেন অতিথিরা। ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, খুন, রাজনৈতিক নিপীড়ন এবং ২০২৪ সালের আন্দোলনের পটভূমি সম্পর্কে তারা বিস্তারিত ধারণা লাভ করেন। জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কেও প্রতিনিধি দলকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ। এ সময় সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার, ডা. সানসিলা জেবরিন ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখার পাশাপাশি বৈঠকে অংশ নেন।