উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ কূটনীতিকদের বৈঠক শুরুর আগে এ তথ্য জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে যুক্তরাজ্যে দেওয়া এক বক্তব্যে ইসহাক দার জানিয়েছিলেন, চুক্তিতে অন্য দেশগুলোর যোগদানের পথ সহজ করতে একটি কাঠামো তৈরির কাজ চলছে। সেই প্রক্রিয়ার মধ্যেই ৬ থেকে ৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সর্বশেষ এই প্রতিরক্ষা কাঠামোয় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছিলেন, মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশকে পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
চুক্তির আওতায় গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে রয়েছেন পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধানদেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
এ ছাড়া চুক্তির আওতায় কার্যক্রম সমন্বয়ের জন্য একটি সচিবালয়ের কাঠামো নির্ধারণের বিষয়েও আলোচনা হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তিকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।