উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাত্র ৪ মাস ৪ দিনের শিশু ফুয়াদ জন্ম থেকেই জটিল রোগ বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত। কাসাই পদ্ধতিতে অস্ত্রোপচার করেও সফলতা না পাওয়ায় চিকিৎসকরা দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন। এর জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নিতে হবে এবং প্রয়োজন হবে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা। শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়েছে, যার পুরোটাই ঋণ ও জমি বন্ধক রেখে জোগাড় করা হয়েছে। ফুয়াদের বাবা আব্দুল্লাহ আল মামুন হৃদয় জীবিকার প্রয়োজনে সাত মাস আগে সৌদি আরবে গেলেও এখনো সন্তানকে সরাসরি দেখতে পারেননি। বর্তমানে শিশুটি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়েট্রিক সার্জারি ও পেডিয়েট্রিক ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মো. সামিউল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে প্রস্তুত রয়েছেন মা ভুবন আক্তার বীথি, যিনি বর্তমানে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছেন। বিপুল এই অর্থ জোগাড় করতে ব্যর্থ হয়ে এই অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের সাহায্য কামনা করেছে। ফুয়াদের চিকিৎসায় সাহায্য পাঠাতে যোগাযোগের মাধ্যম হলো: মোছা. ভুবন আক্তার বীথি, সঞ্চয়ী হিসাব নম্বর- ৬২০৮৩০১০১২২৯৪, সোনালী ব্যাংক পিএলসি, সূর্যদী বাজার শাখা, শেরপুর।