উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবস্থাটি পুরোপুরি চালু হলে উদ্যোক্তাদের কোম্পানির নাম ছাড়পত্র নেওয়া থেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত কোনো কাজের জন্য আর আরজেএসসি কার্যালয়ে সশরীরে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করা যাবে পুরো প্রক্রিয়া।
সোমবার (৩১ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরজেএসসির কার্যক্রম আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় ইবিআরএসের অগ্রগতি তুলে ধরা হয়। বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি নিবন্ধনের জন্য গ্রাহককে আর আরজেএসসি কার্যালয়ে যেতে হবে না। স্বল্প সময়ে ঘরে বসে নিবন্ধন সম্পন্ন করার সুযোগ দিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করা হবে।
নতুন ব্যবস্থায় উদ্যোক্তারা যেকোনো সময় অনলাইনে কোম্পানি নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবেদনের তথ্যের নির্ভুলতা নিশ্চিত এবং জালিয়াতি ঠেকাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-টিন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে প্রি-ভেরিফিকেশনের ব্যবস্থা রাখা হচ্ছে।
ফলে আবেদনে ভুল, অসংগতি বা সন্দেহজনক তথ্য থাকলে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
কোম্পানি গঠনের আইনি প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ) ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (এওএ) তৈরিতে উদ্যোক্তাদের জন্য তিন ধরনের বিকল্প রাখা হচ্ছে—স্ট্যান্ডার্ড মডেল এমওএ ও এওএ, কাস্টমাইজড এমওএ ও এওএ এবং প্রি-অ্যাপ্রুভড এমওএ ও এওএ।
মডেল ও পূর্বানুমোদিত নথি ব্যবহারের মাধ্যমে যাচাই ও অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইবিআরএসের কারিগরি নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে পরামর্শক হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
বুয়েটের বিশেষজ্ঞ দল সফটওয়্যার উন্নয়নের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি দিকনির্দেশনা দিচ্ছে। ইতোমধ্যে সফটওয়্যারটির নিবন্ধন মডিউলের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট (ইউএটি) সফলভাবে সম্পন্ন হয়েছে।
পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে নির্বাচন কমিশনের এনআইডি ডাটাবেজ, বিটিআরসির মোবাইল তথ্য এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের অবকাঠামোর সঙ্গে ইবিআরএসের সংযোগ স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে।
মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন অনুযায়ী, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাইনামিক সলিউশন লিমিটেড আগামী ১৫ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সফটওয়্যারটির চূড়ান্ত রূপান্তর ও হস্তান্তর সম্পন্ন করবে।
পরিকল্পনা অনুযায়ী, কার্যক্রম শুরুর প্রথম ছয় মাস আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম ছাড়পত্র পুনঃযাচাই করবেন। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে মডেল এমওএ ও এওএ ব্যবহারে উৎসাহ এবং অটো-ক্লিয়ারেন্স ব্যবস্থা আরও কার্যকর করতে নিয়মিত আপডেট করা হবে।
সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটি পুরোপুরি বাস্তবায়িত হলে কোম্পানি গঠনে উদ্যোক্তাদের সময় ও ব্যয় কমবে। সরকারি দপ্তরে সশরীরে উপস্থিতির প্রয়োজন কমার পাশাপাশি স্বয়ংক্রিয় তথ্য যাচাইয়ের ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
বিশেষ করে নতুন উদ্যোক্তা, স্টার্টআপ এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত ব্যবসা শুরু করার ক্ষেত্রে ইবিআরএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।