উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই গৃহবধূ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। একই দিন ধর্ষণের বিচার ও নিরাপত্তার দাবিতে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তিনি।
অভিযোগে অভিযুক্ত দুজন হলেন—উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) এবং একই এলাকার আসলাম ফকিরের ছেলে মো. ইব্রাহিম খলিল (৩০)।
ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলতেন।
অভিযোগে বলা হয়, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ইয়ামিন ও ইব্রাহিম খলিল তার ঘরে প্রবেশ করেন। এ সময় ইয়ামিন তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ইব্রাহিম খলিল মোবাইল ফোনে ওই ঘটনার ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইয়ামিন তাকে প্রায় আট মাস ধরে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন।
এতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারী বলেন, বর্তমানে তিনি তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের ও সন্তানদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।