উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে যান প্রতিমন্ত্রী। সকাল ৯টার কয়েক মিনিট আগে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। কিন্তু নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায়নি। পরে তিনি হাজিরা খাতা পর্যালোচনা করেন।
জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (অতিরিক্ত দায়িত্ব) জাকিয়া সরওয়ার লিমা সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সদর উপজেলা ভূমি অফিসের ১০ জন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের ৬ জন এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের ২ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমাকেও পৃথক নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া স্বাক্ষর করেছেন।
জেলা প্রশাসনের নোটিশে বলা হয়েছে, প্রতিমন্ত্রী ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তবে ৩১ আগস্টের হাজিরা খাতায় তাদের আগের দিনই স্বাক্ষর করার বিষয়টি পাওয়া গেছে।
নোটিশে এ ঘটনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর বিধান এবং সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সংশ্লিষ্টদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে প্রায় ২০ মিনিট পর সেখানে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া। এর কিছুক্ষণ পর কার্যালয়ে আসেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমা।
পরিদর্শনের সময় কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং উপস্থিত না থেকেও হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়টি নজরে আসার পর প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত থাকা এবং হাজিরা খাতায় আগাম স্বাক্ষরের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কারণ জানার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “সবাই হয়তো দোষ করেননি। কেউ কেউ আগাম স্বাক্ষর করেছেন। বিষয়টি তদন্তের পর পরিষ্কারভাবে বলা যাবে।”
সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো আব্দুস সাত্তার, সার্ভেয়ার মো. আসাদুজ্জামান, নাজির কাম ক্যাশিয়ার মাসুম মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মাহফুজা আক্তার, সার্টিফিকেট সহকারী সাদিয়া আক্তার, চেইনম্যান মীর মোজাম্মেল হক, অফিস সহায়ক আব্দুস সালাম (রূপম), অফিস সহায়ক ইউনূস আলী, অফিস সহায়ক মোক্তার হোসেন এবং গাড়িচালক নাদিম হায়দারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কানুনগো ফারুক আলম, সার্ভেয়ার জামাল উদ্দিন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী জান্নাত হোসেন, নাজির কাজী তানজিরুল হক, অফিস সহায়ক মোকলেছ শেখ এবং চেইনম্যান রফিকুল ইসলামও নোটিশ পেয়েছেন।
ফতুল্লা রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মিল্টন রায় এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাহাদাতকেও কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ছাড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার ও ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন।