উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী কর্মকাণ্ড প্রতিরোধে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বিশেষ জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগ। গত সোমবার ৩১ আগস্ট চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত গ্যাংকার ট্রেনে করে এই প্রচারণা চালানো হয়। সাম্প্রতিক সময়ে এই রুটে ট্রেন চলাচল শুরুর পর কয়েকটি এলাকায় পাথর নিক্ষেপের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এতে যাত্রীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি রেলওয়ের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধ বন্ধ এবং স্থানীয়দের সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রচারণাকালে রেলওয়ে কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে থেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। রেললাইনের পাশের জনবসতিপূর্ণ এলাকায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক আলোচনাও করা হয়। কর্মকর্তারা জানান, পাথর নিক্ষেপে যাত্রী বা রেলকর্মীর গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানিও ঘটতে পারে। আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে রেলওয়ের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়।
এই জনসচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন আরএনবি চট্টগ্রামের সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ সালামত উল্লাহ, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এটিএম আতাউল গনি, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রচারণার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।