উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত দেড় দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষস্থান ধরে রেখেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। করোনা-পরবর্তী সময়ে ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘রাজকুমার’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। তবে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমা দুটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই তারকা।
চলতি বছরের দুই ঈদেই শাকিব খানের অভিনীত সিনেমাগুলো দর্শক মহলে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়। এর মধ্যে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ এবং কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ সিনেমা দুটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমনকি এই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিতে দেখা গেছে ঢালিউড কিংকে, যা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
এমন পরিস্থিতিতে শাকিব খানের পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। তার মুক্তি প্রতীক্ষিত ‘সোলজার’ সিনেমাটির তারিখ একাধিকবার পেছানোর ফলে এর মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। তবে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘নিঃস্ব’ সিনেমাটি আসছে ঈদে মুক্তির বিষয়ে আলোচনা চলছে এবং এর বাইরে নতুন কোনো ছবিতে তার চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
নতুন সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এখন বেশ সতর্ক অবস্থান নিয়েছেন এই অভিনেতা। জানা গেছে, নতুন পরিচালকদের পাশাপাশি পরীক্ষিত ও অভিজ্ঞ পরিচালকদের ওপরই বেশি নির্ভর করতে চাচ্ছেন তিনি। এ বিষয়ে এরইমধ্যে বেশ কয়েক দফা গুরুত্বপূর্ণ মিটিংও সেরেছেন শাকিব খান।