উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের দফাদার শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ আসায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রশাসনিক কাঠামোয় যারাই থাকুন না কেন, মাদক সংশ্লিষ্ট কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি অভিযুক্ত দফাদারের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা জানান যে অভিযুক্ত দফাদারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। ইতোমধ্যে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত দফাদার শফিকুল ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।