উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর দরজা শিগগিরই উন্মুক্ত হতে যাচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে এবং বিমানভাড়াসহ কোনো খরচ কর্মীদের বহন করতে হবে না। কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ থেকে ২৫টি মূল এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি প্রতিষ্ঠানকে অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি হিসেবে সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নতুন বেতন কাঠামোয় সবার বেতন দ্বিগুণ হয়ে যাবে বিষয়টি এমন নয়। ১০০ শতাংশ বেতন বাড়ার কথা বলা হলেও জ্যেষ্ঠ কর্মচারীরা নিয়মিত ইনক্রিমেন্টের কারণে আগেই কাছাকাছি পৌঁছে যাওয়ায় সবার বেতন সেভাবে বাড়বেনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি ধ্বংসপ্রাপ্ত ও মনোবল হারানো পুলিশ বাহিনী নিয়ে কাজ করতে হয়েছে। হত্যাকাণ্ডের মামলা কিছুটা বাড়লেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অন্যান্য অপরাধের মামলা কমেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নীতিগত পদক্ষেপের পাশাপাশি সরকার সামাজিক সহায়তা বাড়াচ্ছে বলে জানান তিনি।
উপদেষ্টা জানান, বছরের শেষ নাগাদ প্রায় নিখুঁত তালিকা প্রস্তুত করে ৪০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রায় দুই কোটি মানুষ প্রতি মাসে এই সহায়তার সুফল পাবে। এছাড়া খাদ্য সহায়তা কর্মসূচি, ওএমএস এবং টিসিবির পণ্য বিক্রির আওতাও বৃদ্ধি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।