উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক দীর্ঘ দেড় যুগ ধরে গান গেয়ে চলেছেন। এই সময়ে তিনি দেশ ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করে ব্যস্ত সময় পার করেছেন। এবার দীর্ঘ ১৫ বছর পর আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
সর্বশেষ ২০১১ সালে যুক্তরাষ্ট্রে কনসার্টে অংশ নিয়েছিলেন ঝিলিক। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এবারে কিছুটা দেরি হলেও অবশেষে মার্কিন মুলুকের উদ্দেশ্যে গতকাল দেশ ছেড়েছেন তিনি। এক মাসেরও বেশি সময়ের এই সফরে বিভিন্ন রাজ্যে প্রায় এক ডজন কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।
ঝিলিক মানবজমিনকে জানিয়েছেন, এটি তার দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর এবং শোয়ের সংখ্যা ১২টি হলেও তা আরও বাড়তে পারে। দেশি এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টগুলোতে অংশ নেবেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনার সঙ্গে এই সফরে যুক্ত হবেন ঝিলিক।
প্রবাসীদের সামনে গান গাওয়ার অনুভূতি সবসময় আলাদা উল্লেখ করে ঝিলিক জানান, প্রবাসীরা দেশের বাইরে থাকলেও বাংলা গানের প্রতি তাদের টান সবসময় ভিন্ন ধরনের। এই যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরে এসেই নতুন গানের কাজে ব্যস্ত হয়ে পড়বেন এই গায়িকা।