উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে শিক্ষার্থীদের সচেতন ও উৎসাহিত করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সিদ্ধান্তের কথা জানান।
সভায় জানানো হয়, এখন থেকে শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। পরিবেশের জন্য প্লাস্টিক বড় হুমকি উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যত্রতত্র ফেলে রাখা প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মেশে না এবং এর ফলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত করতেই চিড়িয়াখানার সামনে নির্দিষ্ট স্থানে প্লাস্টিক জমা নেওয়ার এই ব্যবস্থা করা হয়েছে।
পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডিসি বলেন, বসবাসের জন্য আমাদের এই পৃথিবী ছাড়া আর কোনো বিকল্প জায়গা নেই। এ ছাড়া কৃষিজমির টপসয়েল কেটে ইট তৈরির বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উর্বর মাটি কেটে ইট তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ বিষয়ে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন ও পাঠান মো. সাইদুজ্জামানসহ পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা ভার্চ্যুয়ালি এবং ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।