উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পূর্ব জেরুজালেমে দখলীকৃত এলাকায় অবস্থিত সংবেদনশীল আল আকসা মসজিদ চত্বরে পুলিশি প্রহরায় প্রবেশ করেছেন ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির। জেরুজালেমে ইসলামিক এনডোমেন্টস ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন যে, পুলিশের উপস্থিতি এবং ইসরাইলি দখলদার বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে তিনি সেখানে প্রবেশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, আল আকসা মসজিদের ভেতরের পূর্বাঞ্চলীয় অংশে প্রবেশ করে প্রার্থনা করছেন ওই উগ্রপন্থি মন্ত্রী। জিউশ পাওয়ার পার্টির নেতা বেন-গাভিরের এমন উসকানিমূলক কর্মকাণ্ডের ফলে ফিলিস্তিনি, আরব তথা গোটা ইসলামিক দুনিয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে।
আগামী ২৭শে অক্টোবর ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর ঠিক দু’মাস আগেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটালেন বেন-গাভির। উল্লেখ্য, মুসলিম ধর্মাবলম্বীদের কাছে আল আকসা মসজিদ বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।