উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে চীন থেকে জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, এটি মূলত সরকারের সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।
উপদেষ্টা বলেন, আধুনিক মাল্টিরোল ফাইটার কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের বিভিন্ন বিকল্প যাচাই করা হয়েছে। তবে হিসাব-নিকাশ করে চীনের প্রস্তাবটি বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক মনে হয়েছে। একই সক্ষমতার অন্যান্য বিমানের তুলনায় এর দাম প্রায় এক-তৃতীয়াংশ।
দেশের বর্তমান বিমানবহর সম্পর্কে তিনি জানান, সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-২৯ এখন সংখ্যায় কম এবং পুরোপুরি কার্যকর নয়। অন্যদিকে এফ-৭ যুদ্ধবিমানগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই 'ফোর্সেস গোল'-এর আওতায় সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই এই নতুন বিমান কেনা হচ্ছে।
সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে অপরাধী বলা যাবে না। কোনো সাংবাদিকের কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য করতে হলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে বর্তমান সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
জনস্বাস্থ্য রক্ষায় ভোজ্যতেলে ভিটামিন ডি যুক্ত করার প্রস্তাবকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, প্রতি লিটার তেলে ভিটামিন ডি যুক্ত করতে খরচ হবে মাত্র ৬৭ পয়সা। এর আগে ভোজ্যতেলে ভিটামিন এ ও লবণে আয়োডিন যুক্ত করে ভালো সুফল পাওয়া গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন সাংস্কৃতিক কর্মীদের নাম প্রকাশের বিষয়ে তিনি গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন হওয়ার আগে অনুমানের ভিত্তিতে কারো নাম প্রকাশ করা ঠিক হবে না। তদন্ত শেষ হওয়ার আগে সেনসেশনালিজম এড়িয়ে চলা উচিত।
যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকার এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। কোনো চুক্তি হয়ে থাকলে তা গোপন রাখার বিষয় নয় এবং সরকারই তা যথাসময়ে প্রকাশ করবে।