উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃটেনের নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড দ্বীপ নিয়ে দেশটির বর্তমান অবস্থান পুনর্বিবেচনা করা হবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর থেকেই বৃটেনের ক্ষমতাসীন লেবার দলের নীতিনির্ধারকদের মধ্যে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। মূলত ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোর জন্য চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। ফকল্যান্ড দ্বীপটি বৃটিশদের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এটি তাদের নিজেদের বলে দাবি করে আসছে। বর্তমান আর্জেন্টাইন প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্টভাবে জানান যে তিনি সবসময় সব ধরনের কূটনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে দেখেন। ফকল্যান্ড দ্বীপের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে এটিও তার বিবেচনায় রয়েছে। এ বিষয়ে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগন ন্যাটো সদস্যদের বাজেটের ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে। এই ক্ষেত্রে বৃটেন বিশেষভাবে মার্কিন নজরদারিতে রয়েছে বলে উল্লেখ করে ওই কর্মকর্তা জানান, বৃটেনকে চাপে রাখতেই ফকল্যান্ড নিয়ে অবস্থান বদলের কথা ভাবা হচ্ছে।
অন্যদিকে, দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বৃটিশ চ্যান্সেলর জন হিলি জানিয়েছেন, তারা প্রতিরক্ষা খাতে বাজেটের ৩ শতাংশ অর্থ খরচের লক্ষ্যমাত্রার বিষয়ে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনার কথা তিনি শোনেননি উল্লেখ করে স্পষ্ট ভাষায় জানান, ফকল্যান্ডের বাসিন্দারা যতদিন চাইবে ততদিন এই দ্বীপ বৃটিশদের দখলেই থাকবে। সরকারের একজন মুখপাত্র আরও জানান, ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র বৃটেনেরই নিজস্ব পরমাণু অস্ত্র রয়েছে এবং তারা ফকল্যান্ডকে বৃটিশ ভূখণ্ড হিসেবে রক্ষায় সম্পূর্ণ অনড় রয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলেও পেন্টাগনের একটি গোপন চিঠি ফাঁস হয়েছিল, যেখানে উল্লেখ ছিল যে ইরান যুদ্ধে বৃটেনের কাঙ্ক্ষিত সমর্থন না পাওয়ায় যুক্তরাষ্ট্র ফকল্যান্ড নিয়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছিল।