উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বাড়ি দূরে হওয়ায় সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনি দোকানেই অবস্থান করতেন।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ সুমনকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে স্ত্রী স্বরসতী দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুমন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দোকান খুলতেন তিনি। তবে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানের ব্যবসায়ী মঞ্জু রায় তাঁকে মোবাইল ফোনে কল করেন। ফোনে সাড়া না পেয়ে তিনি আশপাশের কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে দোকানের কাছে যান।
স্থানীয়রা জানান, এ সময় দোকানের শাটারের এক পাশ খোলা দেখতে পান তাঁরা। পরে শাটার তুলে ভেতরে প্রবেশ করলে সুমন দেকে উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে দোকানটি আবার বন্ধ করে বিষয়টি দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে জানান। খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিকসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে সুমন দের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে।