উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নির্ধারিত চুক্তির মেয়াদ শেষ হলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একাধিক উন্নয়নকাজ এখনো শেষ হয়নি। সরকারি নথি ও সরেজমিন তথ্যে দেখা গেছে, কাজের অগ্রগতি অত্যন্ত কম থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো দফায় দফায় এসব প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নথি অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরের ওজওউচ-৩ প্রকল্পের আওতায় খড়খড়ি নদীর ওপর সেতু নির্মাণের কাজ পায় চট্টগ্রামের মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স। ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৩০শে নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়া দেবীগঞ্জ সদর, দেবীডুবা ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণকাজের অগ্রগতিও নির্ধারিত সময়ে সন্তোষজনক ছিল না।
দীর্ঘসূত্রিতার কারণে স্থানীয় জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে সরেজমিন পরিদর্শনে দেখা গেছে। পামুলীর নির্মাণাধীন সেতুটির কাজ সময়মতো শেষ না হওয়ায় কৃষিপণ্য পরিবহনে ট্রাক চলাচলে সমস্যা হচ্ছে এবং বাড়ছে পরিবহন ব্যয়। সম্প্রতি নদী পারাপারের সময় বিকল্প বাঁশের সাঁকো ভেঙে থ্রি-হুইলার পড়ে চালক ও যাত্রীরা আহত হয়েছেন।
সুজন পঞ্চগড়ের যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, কাজের অগ্রগতি কম থাকলে বারবার মেয়াদ বাড়ালে ঠিকাদাররা স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল হক প্রধান জানান, নীতিমালা অনুযায়ী কাজ না হলে সময় বৃদ্ধি অনিয়মের সামিল এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
উপজেলা প্রকৌশলী মো. শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, মেয়াদ বৃদ্ধির বিষয়টি জেলা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন এবং সীমানা জটিলতার কারণে কিছু কাজ আটকে আছে। তবে নির্বাহী প্রকৌশলী মো. সফিউল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকার জানান, সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।