উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পেশাগত সংগীতজীবন শুরু করেছিলেন। দীর্ঘ পথ চলায় তিনি নিয়মিত অডিও ও চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি দেশ-বিদেশে অসংখ্য স্টেজ শো করেছেন। গতকাল ছিল তার সংগীত ক্যারিয়ারের দেড় যুগ বা ১৮ বছর পূর্ণ হওয়ার বিশেষ দিন।
নিজের দেড় যুগের এই সংগীতযাত্রা নিয়ে আবেগ প্রকাশ করে পূজা জানান, সুর ও স্বপ্নের সঙ্গে তার জীবনের ১৮টি বসন্ত কেটে গেছে। সেদিনকার ছোট্ট একটি ইচ্ছা ও আবেগ আজ ১৮ বছরের এক বিশাল এবং স্মরণীয় অভিজ্ঞতায় রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই দীর্ঘ পথপরিক্রমায় নানা চড়াই-উতরাই পেরিয়ে সাফল্য ও ব্যর্থতাকে সঙ্গী করেছেন বলে জানান এই শিল্পী। তবে শ্রোতাদের ভালোবাসা ও বিশ্বাসকেই তিনি নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে অভিহিত করে বলেন, প্রতিটি গান তিনি আত্মনিবেদন দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন।
শ্রোতা, শুভানুধ্যায়ী এবং পাশে থাকা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে পূজা বলেন, এই ১৮ বছরের পথচলা কোনো ইতি নয়, বরং নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার সূচনা। যতদিন নিঃশ্বাসে সুর ও গলায় কণ্ঠ থাকবে, সবার ভালোবাসা নিয়ে তিনি গান গেয়ে যেতে চান।