উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরের সিংড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির সহায়তায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে আটা মিলের মেশিন ও ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩টি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল ৮টি ভুট্টার আটা তৈরির মিল মেশিন, ৮টি সাধারণ ট্রাইসাইকেল এবং ৭টি টুকটুক ট্রাইসাইকেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক দাতা সংস্থা কাতার চ্যারিটির এ উদ্যোগ সিংড়ার পিছিয়ে পড়া পরিবারগুলোর কর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, সহায়তা হিসেবে দেওয়া এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।