উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-বিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি ও প্রস্তাবিত চাকরি প্রবিধানমালা নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বিষয়ে একটি ন্যায়সংগত ও বৈষম্যহীন চাকরি প্রবিধানমালা দ্রুত প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরিফুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, তারা পূর্ণাঙ্গ প্রবিধানমালার বিরোধী নন, তবে প্রস্তাবিত প্রবিধানমালা ও জনবল কাঠামোতে ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে স্পষ্ট বৈষম্য করা হচ্ছে।
সংগঠনটির পক্ষ থেকে সহকারী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদের বিপরীতে উপ-সহকারী প্রকৌশলীদের জন্য এক-তৃতীয়াংশ বা ৩৩ দশমিক ৩৩ শতাংশ পদোন্নতির নীতি পুনর্বহাল দাবি করা হয়। এছাড়া ১৯৮৪ সালের এনাম কমিটির সুপারিশ অনুযায়ী অভিন্ন জ্যেষ্ঠতা তালিকা চালু এবং ১৯৯৬ সালের বোর্ড সভার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
মাহমুদুল হাসান আরও জানান, প্রস্তাবিত সার্ভিস রুলস পুনর্বিবেচনা করে ১৯৮২ সালের রুলের ক্লজ-২৪ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সব অংশীজনের সঙ্গে আলোচনা করে এবং একটি উচ্চপর্যায়ের যৌথ পর্যালোচনা কমিটি গঠনের মাধ্যমে প্রবিধানমালা চূড়ান্ত করার দাবি জানান তারা। দাবি মানা না হলে শান্তিপূর্ণ কর্মসূচি ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।