উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৬৩ জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, বুধবার ভোরে সিরিক কাউন্টির কুহেস্তাক শহরের একটি বাড়িতে এ হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছেন। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ইরান সরকারের প্রকাশ করা একটি ভিডিওতে হামলার পর ঘটনাস্থলে ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্যও প্রকাশ করেছে। ওই শিশুর ভাষ্য, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে আকাশে যুদ্ধবিমান দেখতে পায়।
শিশুটি জানায়, সেখানে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ইট, পাথর ও সিমেন্টের টুকরা তার মুখ ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলে আরও অনেকে আহত হন বলেও জানায় সে। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।