উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর প্রায় ৫ হাজার মার্কিন নৌসেনা ও মেরিনকে বিশ্রাম দেওয়ার জন্য থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী। এতে শহটির পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে সাময়িক গতি ফেরার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে বিপুলসংখ্যক মার্কিন সেনার আগমনকে ঘিরে যৌন শোষণ ও যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, USS Abraham Lincoln বুধবার থাইল্যান্ডের কাছাকাছি লায়েম চাবাং বন্দরে ভিড়বে। এর সঙ্গে আরও দুটি মার্কিন নৌযান থাকবে। জাহাজগুলোতে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন দীর্ঘ ২০০ দিনেরও বেশি সময় সমুদ্রে থাকার পর বিশ্রাম ও বিনোদনের সুযোগ পাবেন। রণতরীটি গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো বন্দর থেকে যাত্রা করেছিল। পরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রমে সহায়তার জন্য এর মোতায়েন বাড়ানো হয়। মার্কিন ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের মতে, টানা সমুদ্রে থাকার সময়ের ক্ষেত্রে এটি আধুনিক যুগের একটি রেকর্ড।
মার্কিন নৌসেনাদের আগমনকে ঘিরে পাতায়ার ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। পাতায়া মেয়র পরামাসে এনগামপিচেসের হিসাব অনুযায়ী, একজন মার্কিন সেনা তীরে অবস্থানকালে প্রতিদিন প্রায় ১ হাজার থেকে ৩ হাজার থাই বাথ পর্যন্ত খরচ করতে পারেন। কেউ রাতযাপন করলে ব্যয়ের পরিমাণ আরও বাড়তে পারে। তবে সবাই একই সময়ে জাহাজ থেকে তীরে নামবেন না। পর্যায়ক্রমে তাদের শোর লিভ দেওয়া হবে। পাতায়ার মেয়র বলেন, মার্কিন সেনাদের এই সফর স্বল্পমেয়াদে স্থানীয় অর্থনীতিতে গতি আনতে পারে।
চোনবুরি পর্যটন ফেডারেশনের সভাপতি থানেট সুপর্নসাহাসরুংসির মতে, শহরের মোট বাণিজ্যিক প্রভাব নির্ভর করবে মার্কিন সেনারা কোথায় এবং কতটা সময় ব্যয় করেন তার ওপর। তাদের কেউ কেউ রাজধানী ব্যাংককেও যেতে পারেন। পাতায়া নাইটলাইফ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা হ্যামিলটন বলেন, চলতি বছর শহরের ব্যবসা খুবই ধীরগতির। মার্কিন যুদ্ধজাহাজ আসার খবর তাই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে।
তবে অর্থনৈতিক সম্ভাবনার পাশাপাশি উদ্বেগও রয়েছে। পাতায়া দীর্ঘদিন ধরেই যৌন পর্যটনের জন্য পরিচিত। থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ হলেও পাতায়াসহ দেশটির কয়েকটি বড় পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসা প্রকাশ্যেই দেখা যায়।মার্কিন নৌসেনাদের বড় একটি দল শহরে আসায় যৌন শোষণের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ব্যাংকক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক পিপাটপং ফাকফারে।তার মতে, বিপুলসংখ্যক পর্যটক বা দর্শনার্থীর আগমন যৌন শোষণ এবং যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়াতে পারে।
এদিকে মার্কিন সেনাদের আগমনকে কেন্দ্র করে পাতায়ার পুলিশও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। শহরের প্রধান সমুদ্রসৈকত ও নাইটলাইফ এলাকাগুলোতে বাড়তি টহলের পাশাপাশি ড্রোন নজরদারির পরিকল্পনাও করা হয়েছে।সপ্তাহান্তে পুলিশের অভিযানে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪০ থেকে ৫০ জনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পাতায়া পুলিশের প্রধান আনেক শ্রাথংইউ বলেন, জনসমাগমপূর্ণ এলাকায় যৌনকর্মীরা কর্তৃপক্ষের অগোচরে সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করতে পারেন। বিষয়টি নিয়ন্ত্রণ করা পুলিশের জন্য চ্যালেঞ্জিং বলেও জানান তিনি।
দীর্ঘ সামরিক মোতায়েনের কারণে মার্কিন রণতরীটির নাবিকদের মানসিক চাপ ও মনোবল নিয়েও সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে পাতায়ায় তাদের শোর লিভ ঘিরে নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।পাতায়ার স্থানীয় অর্থনীতি একদিকে মার্কিন নৌসেনাদের আগমন থেকে উপকৃত হওয়ার প্রত্যাশা করছে, অন্যদিকে কর্তৃপক্ষ চাইছে এই সুযোগ যেন যৌন শোষণ, অপরাধ বা জনস্বাস্থ্যঝুঁকির কারণ না হয়ে দাঁড়ায়।