উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রতিদিন ডিমের ঝোল, কষা কিংবা অমলেট খেতে খেতে একঘেয়ে লাগছে? ঘরে ডিম থাকলে অল্প সময়েই তৈরি করতে পারেন মজাদার কাঁচা মরিচ বাটা দিয়ে ডিম ভর্তা। রান্নার ঝামেলা কম, উপকরণও হাতের কাছেই পাওয়া যায়। গরম ভাতের সঙ্গে এই ভর্তা বেশ জমে যায়। ডিম ভর্তার আসল স্বাদ আসে কাঁচা মরিচ ও সরিষার তেল থেকে। কাঁচা মরিচ বেটে দিলে এর ঝাঁজ ও ঘ্রাণ ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়। সঙ্গে কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল যোগ করলে ভর্তায় আসে ঝাল ও মুখরোচক স্বাদ।
প্রথমে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিন। এরপর খোসা ছাড়িয়ে একটি বাটিতে ডিমগুলো ভালো করে চটকে নিন। কাঁচা মরিচ বেটে ডিমের সঙ্গে মিশিয়ে দিন। এরপর পেঁয়াজ কুচি ও স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। সবশেষে সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে সামান্য ধনেপাতা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন।ব্যস, তৈরি হয়ে গেল মজাদার কাঁচা মরিচ বাটা দিয়ে ডিম ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
রান্নার টিপস: বেশি ঝাল পছন্দ করলে কাঁচা মরিচের পরিমাণ বাড়াতে পারেন। সরিষার তেল দেওয়ার পর ভালোভাবে মেখে নিলে ভর্তার স্বাদ ও ঘ্রাণ আরও ভালো হবে।