উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুরনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাত বা ল্যান্ড অ্যাকুইজিশন কন্টিনজেন্সি (এলএসি) হিসাবে জমা থাকা অব্যবহৃত ও অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। নতুন নির্দেশিকা জারির তারিখ থেকে ৩০ দিনের মধ্যে নির্ধারিত অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দিতে বলা হয়েছে। ভূমি অধিগ্রহণ কার্যক্রমে আনুষঙ্গিক খাতের অর্থের সঠিক ব্যবহার, হিসাব সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। ‘ভূমি অধিগ্রহণ আনুষঙ্গিক (ল্যান্ড অ্যাকুইজিশন কন্টিনজেন্সি-এলএসি) খাতের অর্থ ব্যবস্থাপনা নির্দেশিকা, ২০২৬’ গত ৩১ আগস্ট বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, যেসব ভূমি অধিগ্রহণ মামলার নথি কনসাইনমেন্টের মাধ্যমে রেকর্ডরুমে সংরক্ষিত রয়েছে এবং অ্যাওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন বছর পার হয়েছে, সেসব মামলার বিপরীতে এলএসি খাতে জমা থাকা সব অব্যবহৃত ও অব্যয়িত অর্থ সরকারি হিসাবে জমা দিতে হবে। নতুন নির্দেশিকা জারির ৩০ দিনের মধ্যে এসব অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ভূমি অধিগ্রহণ মামলার কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবে অব্যয়িত অর্থ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত রাখা যাবে। এ সময়ের মধ্যে নির্দেশিকায় নির্ধারিত আনুষঙ্গিক খাতে অর্থ ব্যয় করা যাবে। জমির দখল হস্তান্তর এবং অ্যাওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট হিসাবরক্ষণ কার্যালয়ের নিরীক্ষা শেষ হওয়ার পর তিন বছর পার হলে অব্যয়িত অর্থের হিসাব ভূমি মন্ত্রণালয়কে জানাতে হবে। এরপর ওই অর্থ সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দিতে হবে।
ভূমি অধিগ্রহণ মামলার বিপরীতে প্রত্যাশী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থের পাশাপাশি এলএসি খাতের অর্থ পৃথক পার্সোনাল লেজার (পিএল) হিসাবে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এলএসি খাতের অর্থ সরকারের রাজস্ব বা আয় নয়। ভূমি অধিগ্রহণ মামলা ও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের আনুষঙ্গিক ব্যয় মেটাতেই এ অর্থ ব্যবহার করতে হবে। এ খাতের অর্থের হিসাব পৃথক রেজিস্টার ও ক্যাশ বইয়ে সংরক্ষণ করতে হবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত অর্থের ওপর ৩ শতাংশ এবং ১ কোটি টাকার বেশি হলে ২ শতাংশ হারে এলএসি অর্থ আদায় করা হবে। অন্যদিকে, বেসরকারি সংস্থা বা ব্যক্তিমালিকানাধীন প্রস্তাবের ক্ষেত্রে প্রাক্কলিত অর্থের ওপর ১০ শতাংশ হারে এলএসি অর্থ আদায় করতে হবে।
কোনো নির্দিষ্ট ভূমি অধিগ্রহণ মামলার বিপরীতে এলএসি হিসাবে জমা হওয়া অর্থ সাধারণভাবে অন্য কোনো মামলার আনুষঙ্গিক ব্যয়ে ব্যবহার করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ বিভাগের পূর্বানুমোদন নিয়ে অন্য সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ মামলার সঙ্গে সমন্বয় করে ওই অর্থ ব্যয় করা যাবে।
এলএসি খাতের অর্থ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতিবছর এ খাতের ব্যয়ের হিসাব এবং মামলা অনুযায়ী অব্যয়িত অর্থের হিসাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ খাতের অর্থ ব্যয় প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসারে করতে হবে। পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) কার্যালয় এলএসি খাতের অর্থের হিসাব নিরীক্ষা করবে।
নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর ভূমি অধিগ্রহণ আনুষঙ্গিক খাতের অর্থ ব্যবস্থাপনা নিয়ে আগে জারি করা সব নির্দেশনা, পরিপত্র ও অফিস আদেশ রহিত করা হয়েছে।