উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় একটি মসজিদের ইমামের থাকার ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের তীব্রতায় টিনশেড ঘরের বেড়া উড়ে গেলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে ৪টার দিকে আল-আকসা আকন বাড়ি জামে মসজিদে এই আকস্মিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জামে মসজিদের পাশের ঘরে থাকতেন ইমাম মাওলানা মোহাম্মদ আকাশ হাওলাদার। অসুস্থতার কারণে গত ৫ দিন ধরে তিনি ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার ঘরটি তালাবদ্ধ ছিল। তার অবর্তমানে মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ একাধিক ব্যক্তির কাছে ঘরের চাবি রাখা হয়েছিল।
বিকালে হঠাৎ করেই তালাবদ্ধ ওই ঘর থেকে বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয় এবং ঘরের টিনশেড বেড়া উড়ে যায়। বিকট শব্দ শুনে মুহূর্তেই মসজিদের সামনে স্থানীয় লোকজন ভিড় জমায়। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।