উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিনে বেরিয়ে এসে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম সেখানে উপস্থিত থেকে এই নৃশংস ঘটনার বিবরণ দেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মামলার আসামি ও কোলা ইউনিয়নের পূর্ব কোলাগ্রামের সিদ্দিক মোল্লা কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে আসার পর ২০২৫ সালের ৮ মার্চ পারিবারিক বিরোধের জেরে তিনি তার বড়ভাই ইসহাক মোল্লার ডান পা কেটে বিচ্ছিন্ন করেন। ইসহাক মোল্লার করা সেই মামলায় আসামিরা গ্রেপ্তার হয়নি এবং পুলিশি অভিযোগপত্র থেকে মূল আসামিদের নাম বাদ দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
পরিবার আরও জানায়, বিরোধের জের ধরে গত ১৯ জুন মালয়েশিয়া প্রবাসী ইলিয়াস মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন পঙ্গু চাচা ইসহাক মোল্লাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়ার সময় সিদ্দিক মোল্লা, রওশন আরা, বিদ্যুৎ মোল্লা ও বিপ্লব মোল্লা তার ওপর হামলা চালায়। এসময় ইসহাক মোল্লাকেও কুপিয়ে তার ডান হাতের দুই আঙুল কেটে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
অভিযুক্তরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় কাউকে ভয় পান না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বর্তমানে জামিনে থাকা আসামি রওশন আরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন এবং বাকিদেরও মেরে ফেলার ভয় দেখাচ্ছেন। ভুক্তভোগী পরিবার এই সন্ত্রাসীদের সঠিক বিচার এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকা ও চার্জশিট প্রদানের দাবি জানিয়েছে।