উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে অর্থ, সম্মান এবং খ্যাতি এনে দেয়। মাঝে মধ্যে ব্যক্তিগত বিশ্বাস কিংবা ধর্মীয় কারণে অনেকে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্তের সঙ্গে নিজের অভিনয়জীবনকেই ভুল বা পাপ হিসেবে আখ্যা দিলে অন্য শিল্পীরা কষ্ট পান। সম্প্রতি ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
প্রভা লিখেছেন, একটি পরিচয় যদি কাউকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তবে তার জন্য লজ্জিত হওয়ার আগে নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করা উচিত। অনেক শিল্পী এখনো অভিনয়কে ভালোবেসে কাজ করেন এবং এটি তাদের আয়ের প্রধান উৎস। দিন-রাত তারা নিজেদের পেশা ও শিল্পচর্চাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে চলেছেন।
কারো সাংস্কৃতিক কর্মকাণ্ড ভালো না লাগলে তিনি অভিনয় ছেড়ে দিতে পারেন, তবে সেই কারণে শিল্পাঙ্গনের অন্য কাউকে ছোট করার অধিকার কারো নেই। প্রভা আরও লিখেছেন, তিনি চান না অশিক্ষা, অজ্ঞতা ও সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। যারা আসবেন, তারা শিক্ষা, মূল্যবোধ, সংস্কৃতিবোধ এবং নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়েই যেন আসেন।