উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গুমের শিকার ব্যক্তি বা তাদের স্বজনদের সরাসরি আদালতে যাওয়ার সুযোগ রেখে প্রস্তাবিত গুম প্রতিকার ও প্রতিরোধ আইনকে ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে মানবাধিকার কমিশন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের অধ্যাদেশে মামলা করতে গিয়ে ভুক্তভোগীদের নানা ভোগান্তির মুখোমুখি হতে হতো। নতুন আইনে সেই জটিলতা দূর করে সরাসরি আদালতে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এতে গুমের বিভিন্ন ধরন সংজ্ঞায়িত করে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড ও ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি অভিযুক্তের নিজস্ব সম্পত্তি না থাকলেও সরকার ক্ষতিপূরণ দেওয়ার দায় বহন করবে।
জোরপূর্বক গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারেই থাকবে উল্লেখ করে মন্ত্রী জানান, ব্যারিস্টার আরমানের আবেগের প্রতি সরকারের পূর্ণ সম্মান রয়েছে। তবে আইন নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যার অবকাশ নেই। মানবাধিকার কমিশন প্রয়োজনে কোনো পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো স্থানে পরিদর্শন ও স্বাধীন তদন্ত পরিচালনা করতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
আইনটি প্রণয়নের আগে বিভিন্ন পক্ষ ও সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এটি প্রস্তুত করা হয়েছে। সংসদে বিলটি বিবেচনা ও পাসের প্রক্রিয়াকালে সংসদ সদস্যদের যেকোনো যৌক্তিক সংশোধনী প্রস্তাব তোলার সুযোগ থাকবে।