উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন চলচ্চিত্র ‘দায়রা’র ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে চিত্রগ্রাহকদের ওপর মেজাজ হারিয়ে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। অনুষ্ঠানে অলিভ রঙের পোশাক ও হিল জুতোয় উপস্থিত হয়েছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে এসে এমন আচরণ করায় নেটদুনিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ছবির কলাকুশলীদের সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বিভিন্ন দিক থেকে ছবি তোলার জন্য আলোকচিত্রীরা তাকে বারবার স্থান পরিবর্তন করতে বলছিলেন। একাধিকবার ডানে ও বাঁয়ে সরে দাঁড়ানোর পর একপর্যায়ে কারিনা নিজের জুতোর দিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ধমক দিয়ে বলেন, কখনো এ দিক, কখনো ও দিক! আমি তো হিল পরে আছি।
চোখ বড় করে হিল জুতো পরে হাঁটতে অসুবিধার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশের এই ভিডিওটি মুহূর্তেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর ধৈর্য নিয়ে অনেকে প্রশ্ন তোলেন এবং চিত্রগ্রাহকদের সঙ্গে এমন ব্যবহারের কারণে জয়া বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়। কেউ কেউ মন্তব্য করেন, তিনি জয়া বচ্চনের বোন কিংবা আরও এক জয়া বচ্চন তৈরি হচ্ছে।
এদিকে সম্প্রতি জিম থেকে বের হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়েছিল। তবে অভিনেত্রীর সহযোগী দলের পক্ষ থেকে তখন সেই গুঞ্জন ভিত্তিহীন বলে পুরোপুরি নাকচ করা হয়।