উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এই সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক, ছাত্রদল নেতাকর্মী ও রোগীর স্বজনসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে হেফাজতে নিয়েছে যাদের মধ্যে চারজন স্থানীয় ছাত্রদল নেতাকর্মী। রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক গুরুতর অ্যাজমা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসক প্রিতুল মণ্ডল স্নিগ্ধ জানান, বহিরাগতরা ওয়ার্ডে ঢুকে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে এবং দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এদিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আলী বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।