উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রেলপথে যানজট ও কয়লা পরিবহনে লোডিংসংক্রান্ত বিধিনিষেধের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ১ হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটিতে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় সাময়িক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিজস্ব জনসংযোগ সংস্থার মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গোড্ডা কেন্দ্রে কয়লাবাহী রেকের চলাচল বিঘ্নিত হওয়ায় জ্বালানি সরবরাহ কমে যায় এবং উৎপাদন হ্রাস করতে হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই আদানি পাওয়ারের প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে এই কেন্দ্রটি থেকে দৈনিক গড়ে প্রায় ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা মোট সক্ষমতার চেয়ে বেশ কম।
আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের কম চাহিদার সময়ে উৎপাদন কিছুটা কমানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) জানানো হয়েছে। দ্রুত কয়লাবাহী ট্রেনের চলাচল স্বাভাবিক করতে ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ চলছে এবং খুব দ্রুতই সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে যায়, যা পুরো অঞ্চলের সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করেছে। উল্লেখ্য, বিপিডিবির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট থেকে উৎপাদিত পুরো বিদ্যুৎই কেবল বাংলাদেশে সরবরাহ করা হয়।