উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’র কার্যক্রম তীব্র আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। অ্যালบামের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে আয়োজকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ১৬ই আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল এই বিশেষ প্রজেক্টটি।
প্রজেক্টটির কয়েকটি গান প্রকাশ্যে আসার পর থেকেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে ভক্তদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত ভক্তদের আপত্তির মুখেই নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অ্যালবামের সঙ্গে যুক্ত সব অংশীজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মধ্যে অনলাইন প্ল্যাটফরম থেকে প্রকাশিত গানগুলো প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি অ্যালবামের অপ্রকাশিত ১৩টি গান আপাতত শ্রোতাদের সামনে আনা হবে না। এলআরবি’র সদস্য শামীম আহমেদ জানিয়েছেন যে আইয়ুব বাচ্চু সবার কাছে আবেগের ব্যাপার এবং তার সৃষ্টির অবমূল্যায়ন হতে পারে না।
খুব শীঘ্রই প্রয়াত শিল্পীর পরিবারের সবার সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। সেই প্যানেল গানগুলো ঠিকঠাক মনে করলে তবেই পরবর্তীতে তা পুনরায় প্রকাশ করা হবে। উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান এরইমধ্যে প্রকাশিত হয়েছিল।
প্রকাশিত গানগুলোর মধ্যে ছিল বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’, সোনার বাংলা সার্কাসের ‘গতকাল রাতে’ এবং কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’। এছাড়া জয় শাহরিয়ারের ‘কষ্ট কাকে বলে’, পলাশের ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ গানগুলোও প্রকাশিত হয়েছিল।