উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর খুলশী থানার জালালাবাদ সোসাইটি এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নাওয়াল আনসারী নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত শিশুটি চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আনসারুল করিমের মেয়ে। সে নাসিরাবাদ ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
সোমবার বেলা দেড়টার দিকে জালালাবাদ সোসাইটির ৩ নম্বর সড়কে বাসার প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্কুল শেষে ট্যাক্সিযোগে বাসার সামনে নেমে নামার মুহূর্তে একটি অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথা, মুখমণ্ডল, কপাল ও ঠোঁটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সন্তানের এমন মর্মান্তিক পরিণতি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা আনসারুল করিম। তিনি লেখেন, সরকারি চাকরিতে নিয়োজিত থেকেও ঘরের সামনে নিজের অবুঝ সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ থাকবে। একই সঙ্গে প্রশিক্ষণ ও লাইসেন্সহীন চালকদের কাছে দেশ জিম্মি কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি।
পরদিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের আহত হওয়ার আগের ও পরের ছবি তুলে ধরে অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তিনি। লাইসেন্সবিহীন এসব যান জব্দ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে দেওয়া তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।