উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের মহারাষ্ট্রের বীড জেলার একটি পরিবারে কন্যাসন্তানের জন্ম ঘিরে শুরু হয়েছে ব্যাপক আনন্দ-উৎসব। পাঁচ প্রজন্ম ধরে একটি কন্যাসন্তানের অপেক্ষায় ছিল পরিবারটি। এনডিটিভির খবর অনুযায়ী, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটায় পরিবারটি নবজাতককে রাজকন্যার মতো করে বরণ করে নিয়েছে।
মহারাষ্ট্রের পারলি এলাকার দাহিফালে পরিবারটি হাসপাতাল থেকে মা ও নবজাতক গার্গিকে বাড়িতে ফিরিয়ে আনতে আয়োজন করে বিশেষ শোভাযাত্রার। ফুল দিয়ে সাজানো একটি রথে করে মা ও মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সঙ্গে ছিল ঢাক-ঢোল ও ঝাঁঝরের বাদ্য। পরিবারটির এই ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় জমান।
সৌভাগ্যবতী কল্পনা ঋষিকেশ দাহিফালের কোলজুড়ে এসেছে কন্যাসন্তান গার্গি এবং পরিবারটির দাবি, প্রায় ২০০ বছর ধরে দাহিফালে পরিবারে কোনো কন্যাশিশুর জন্ম হয়নি। গার্গির দাদা লিম্বাজি দাহিফালে ইন্ডিয়া টুডেকে বলেন, পরিবারে একটি কন্যাসন্তান পাওয়া অত্যন্ত সৌভাগ্যের এবং এত বছর ধরে আমাদের মনে কন্যাসন্তান না থাকার যে আক্ষেপ ছিল, আজ তা পূরণ হয়েছে।
গার্গির দাদি সুরেখা দাহিফালে নাতনির জন্মে উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে তাদের ঘরে লক্ষ্মী এসেছে এবং এতে তারা ভীষণ খুশি। পরিবারটি জানিয়েছে, শুধু নিজেদের আনন্দ উদযাপন নয়, সমাজের কাছেও একটি ইতিবাচক বার্তা দিতে এই আয়োজন করা হয়েছে।