উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের দাবি, দীর্ঘ সাত মাস কমিশনারবিহীন থাকার পর সম্প্রতি যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দুদক পুনর্গঠন করা হয়েছে, তা অস্বচ্ছ, দলীয় স্বার্থপ্রসূত ও অগ্রহণযোগ্য। গত বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়েছে, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আপিল বিভাগের একজন সাবেক বিচারপতিকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া সংবিধানের ৯৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে বর্তমান কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে দাবি করেছে দলটি। এনসিপির অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত দুদক-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে কমিশনকে আগের কাঠামোয় ফিরিয়ে নেওয়া হয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং জুলাই সনদে বর্ণিত স্বচ্ছতা ও জবাবদিহির নীতির সঙ্গে এই পরিস্থিতি সম্পূর্ণ সাংঘর্ষিক।
গত সাত মাসে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে দুদক কার্যকর ভূমিকা নেয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মাধ্যমে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেছে এনসিপি। দলটির মতে, বিরোধী দলগুলো যখন জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে মাঠে নামছে, তখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে দুদককে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়টি তুলে ধরে দলটি ক্ষোভ প্রকাশ করে। এনসিপির দাবি, অনুসন্ধান শুরুর আগেই দুদকের মুখপাত্র সংবাদ সম্মেলনে প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়ার কথা বলেছিলেন। পরে সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কর্মকর্তা প্রাথমিক সত্যতা শব্দটি ব্যবহার না করার অনুরোধ করেন। একই বিষয়ে প্রকাশ্যে এক বক্তব্য এবং পরে ভিন্ন ব্যাখ্যা দেওয়ায় দুদকের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করে দলটি।
বর্তমান দুদক কমিশন বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে স্বাধীন দুদক গঠন করার পাশাপাশি সরকারের ভেতরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বর্তমান কমিশনের নিয়োগ বাতিল করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।