উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্যাসের সংকটের কারণে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ভালুকা ও ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালকরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ভালুকা পৌর শহরের এসএনএস সিএনজি পাম্পের সামনে প্রথমবার এই অবরোধের ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ২৫ জন চালককে সরিয়ে দেয় এবং মহাসড়ক থেকে সিএনজি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে। পাম্পে গ্যাস না থাকায় চালকরা এই বিক্ষোভ করেন বলে নিশ্চিত করেন তিনি।
এদিকে একই দাবিতে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ত্রিশালে আবারও মহাসড়ক অবরোধ করেন সিএনজিচালকরা, যার ফলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।
চালকদের অভিযোগ, সিএনজিতে নামমাত্র গ্যাস দেওয়া হচ্ছে যা দিয়ে মাত্র এক-দুই ট্রিপ চলার পর শেষ হয়ে যায়, অথচ গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নিরবচ্ছিন্ন গ্যাসের দাবি জানিয়ে তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।