উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভ্রমণ বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট বুকিং ডটকম-এর বিরুদ্ধে পদ্ধতিগত নিরাপত্তা ব্যর্থতার গুরুতর অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার সংস্থা হুইচ?। বৃটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটকে ছুটির আবাসন হিসেবে ভাড়া দেওয়ার জন্য সাইটটিতে একটি ভুয়া তালিকা তৈরি করা হয়। গত বুধবার দ্য গার্ডিয়ান প্রকাশিত সংবাদের বরাতে এই তথ্য জানা যায়।
হুইচ?-এর গবেষকরা গত ১৮ জুন বুকিং ডটকম-এ লন্ডনের প্রাণকেন্দ্রে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট নামে ওই ভুয়া সম্পত্তির তালিকা তৈরি করেন। এতে ১০ ডাউনিং স্ট্রিটের সঠিক ঠিকানা ও প্রধানমন্ত্রীর বাসভবনের ছবি ব্যবহার করা হয় এবং এটি সংসদ ভবন থেকে মাত্র চার মিনিটের দূরত্বে বলে উল্লেখ করা হয়। সংস্থার একজন গবেষক সেখানে এক সপ্তাহ থাকার বুকিংয়ের চেষ্টা করলে প্ল্যাটফর্মটি বুকিংয়ের অর্থ গ্রহণ ও প্রক্রিয়া সম্পন্ন করে।
জালিয়াতির বিষয়টি বুঝতে পেরে গবেষক বুকিংয়ের অর্থ ফেরত চান, তবে ছয় সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়। এছাড়া তালিকায় একটি ভুয়া রিভিউ পোস্ট করা হলে তা সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যায়, যেখানে বাসভবনের বিড়াল ল্যারির সঙ্গে সময় কাটানোর কথাও উল্লেখ করা হয়। দীর্ঘ ছয় সপ্তাহ পর গত ২৭ আগস্ট ভুয়া তালিকাটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।
হুইচ?-এর সম্পাদক ররি বোল্যান্ড বলেন, বুকিং ডটকম-এর এআই ব্যবস্থা যদি ১০ ডাউনিং স্ট্রিটের মতো পরিচিত সরকারি ভবন শনাক্ত করতে না পারে, তবে প্রতারকদের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করা অত্যন্ত সহজ। এই ঘটনাকে পুরো প্ল্যাটফর্মজুড়ে পদ্ধতিগত নিরাপত্তা ব্যর্থতা হিসেবে উল্লেখ করে সংস্থাটি বৃটেনের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম-কে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে।