উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কমলাপুর রেল স্টেশনের অদূরে আউটার এলাকায় ট্রেনের সামনে রেললাইনের পয়েন্টে এক কিশোরের পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। ধেয়ে আসা ট্রেনের সামনে কিশোরটির পা আটকে যাওয়ার পর সে দীর্ঘক্ষণ ধরে আর্তনাদ করতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কিশোরটিকে আটকে পড়া অবস্থায় দেখে স্থানীয়রা দ্রুত সিগন্যাল কেবিনে ফোন করেন। পরবর্তীতে সেখান থেকে পয়েন্ট পরিবর্তন করা হলে তার পা নিরাপদে বের করে আনা সম্ভব হয়। তবে অলৌকিকভাবে রক্ষা পাওয়া ওই কিশোরের নাম বা পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
রেলওয়ে ফ্যান ক্লাবের একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা এই ভিডিওটি প্রায় দুই কোটি বার দেখা হয়েছে। এক লাইনের ট্রেন অন্য লাইনে নিতে সিগন্যাল কেবিন থেকে স্বয়ংক্রিয়ভাবে এই পয়েন্ট পরিবর্তন করা হয়ে থাকে। রেল ভক্তরা ভিডিওটি শেয়ার করে সতর্ক করে বলেছেন যে রেল ট্র্যাক দিয়ে কখনোই হাঁটা উচিত নয়।