উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে এবং সংবিধান সংশোধিত হলে কমিটিগুলো পুনর্গঠন করে অনুপাত অনুসারে সভাপতিত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটিতে বিরোধী দলের জন্য ৫ জনের জায়গা রাখা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সংস্কার চান আর সরকার সংশোধনী চায়, দুটির উদ্দেশ্য তো একটাই। সংবিধান সংশোধনী বিল হিসেবেই এটি সংসদে পাস হতে হবে তাই তাদের এই কমিটিতে অংশ নেওয়া উচিত।
বিরোধী দলের উপনেতার দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধির কোথাও বলা নেই যে বিরোধীদলীয় সদস্যদের আসনের আনুপাতিক হারে সভাপতি পদ দিতে হবে। অতীতেও এমন কোনো নজির নেই জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা হিসেবে বিরোধীদলীয় সদস্যদের ২৬ শতাংশ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
সংসদে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধীদলীয় উপনেতার আশঙ্কার কড়া জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অতীতের বিভিন্ন উদাহরণ টেনে বলেন, বিএনপি যখনই দুই-তৃতীয়াংশের মেজরিটিতে সরকার গঠন করেছে, তখন গণতান্ত্রিক ও সংসদীয় পদ্ধতি আরও সুদৃঢ় হয়েছে। মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং সংসদীয় আরও প্রায় ১১টি কমিটি রয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী উভয় পক্ষের স্বাক্ষরের ভিত্তিতে আনুপাতিক হারে বিরোধী দল সভাপতির পদ পাবে।