উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদেশে যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে তীব্র চাপের মুখে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বর্তমানে এক গভীর নেতৃত্ব সংকটের মুখোমুখি হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ছয় মাসের মাথায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অধীনে শীর্ষ নেতৃত্ব, অস্ত্রের মজুত ও জনসম্মুখে জবাবদিহির ক্ষেত্রে বড় ঘাটতির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় ধাক্কাটি আসে সোমবার যখন পদত্যাগ করেন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল, যিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ বন্ধু ও ইয়েল ল’ স্কুলের সহপাঠী ছিলেন।
ইউক্রেন ইস্যুতে সংবেদনশীল কূটনীতির দায়িত্ব পাওয়া ড্রিসকল গত কয়েক মাস ধরে সেনাবাহিনীর নেতৃত্ব ও আধুনিকায়ন নিয়ে হেগসেথের সঙ্গে মতবিরোধে লিপ্ত ছিলেন। ড্রিসকলের এই পদত্যাগের ফলে চলমান ইরান যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সিনেট অনুমোদিত বেসামরিক ও সামরিক উভয় ধরনের শীর্ষ নেতৃত্ব থেকেই বঞ্চিত হলো। এর আগে হেগসেথ সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে সরিয়ে দিয়েছিলেন এবং একসময়ে ড্রিসকলকে হেগসেথের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও দেখা হতো।
হেগসেথ দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রায় প্রতিটি সামরিক শাখা থেকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল ও সেনাপ্রধানসহ দুই ডজনের বেশি শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন বা পদত্যাগে বাধ্য করেছেন। ওয়াশিংটন পোস্টের হিসাব অনুযায়ী, এই পুনর্গঠনের ফলে জয়েন্ট চিফসের প্রায় পুরো নেতৃত্বই বদলে গেছে এবং শুধু মেরিন কর্পস ও স্পেস ফোর্সের প্রধানরা বর্তমানে পদে বহাল রয়েছেন। এছাড়া নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি বছর হেগসেথ ব্যক্তিগতভাবে অন্তত ৪৫ কর্মকর্তার পদোন্নতির তালিকা থেকে নাম বাদ দিয়েছেন।
এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতেও হেগসেথ বিভিন্ন সামরিক শাখার এক ডজনের বেশি কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও নারী কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন। রাজনৈতিক নেতৃত্ব সাধারণত যে প্রক্রিয়া থেকে দূরে থাকে, সেখানে এমন হস্তক্ষেপকে সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। তবে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে পেন্টাগনে বিশৃঙ্খলার এসব অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন ও সেনাসদস্যদের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন।