উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর জিগাতলার সাত মসজিদ রোডের ৫৩ নম্বরে অবস্থিত হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় এই অভিযান চালানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
অভিযানকালে রেস্তোরাঁটির রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া সেখানে আমদানিকারকের তথ্যবিহীন সয়া সস, চিকেন পাউডার ও কাশ্মিরি মরিচের মতো বিভিন্ন বিদেশি খাদ্যপণ্য ব্যবহার করা হচ্ছিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ হালনাগাদ ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ এবং পানি পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয়।
অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। উক্ত অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।